ইরানের তেহরানসহ একাধিক শহরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা
সোমবার, ৮ জুন, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় মধ্যরাতে সংঘটিত এ হামলার পর তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, পশ্চিম ও মধ্য ইরানের নির্দিষ্ট সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলার পর ইরানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যদিকে, আইডিএফ জানিয়েছে, একই সময়ে ইরান থেকেও ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইসরায়েল সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে দেশটির সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট আপাতত স্থগিত রয়েছে এবং বিমান উড্ডয়ন ও অবতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ লেবাননকে কেন্দ্র করে চলমান সংঘাত এবং ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত বৃহত্তর আন্তর্জাতিক সংকটে রূপ নেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১৩৯ বার পড়া হয়েছে