ইহুদি-আরবদের নিয়ে যৌথ সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলে ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। দেশটির রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ারে শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা বর্ণবাদবিরোধী ও সম্প্রীতির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে প্রায় ৫০০ মানুষ জড়ো হন। দ্বিজাতিক সমাজতান্ত্রিক বামপন্থী সংগঠন ‘স্ট্যান্ডিং টুগেদার’ এ কর্মসূচির নেতৃত্ব দেয়। বিক্ষোভকারীরা ‘ইহুদি ও আরবরা শত্রু হতে অস্বীকার করে’ এবং ‘বর্ণবাদকে না, অংশীদারিত্বকে হ্যাঁ’—এমন স্লোগান দেন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত নেসেট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পাওয়ার পর যৌথ সরকার গঠনের দাবি সামনে আসে।
তবে নেতানিয়াহুবিরোধী ইহুদি নেতৃত্বাধীন দলগুলোর বেশির ভাগই আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনে রাজি নয়। নির্বাচনে আরব দলগুলো অভূতপূর্ব ১৯টি আসন পেয়েছে।
অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি অভিযোগ করেছে, শত্রুভাবাপন্ন বিদেশি সরকারের সহায়তায় আরব দলগুলো ‘নির্বাচন চুরি করেছে’। এ অভিযোগের পর নির্বাচন জালিয়াতির তদন্তের দাবিতে হাবিমা স্কয়ারে শিগগিরই ডানপন্থীদের পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নেতানিয়াহুর কয়েকজন সমর্থক প্লাজার এক পাশে জড়ো হতে শুরু করেছেন।
১২০ আসনের নেসেটে নেতানিয়াহুবিরোধী ইহুদি নেতৃত্বাধীন দলগুলো এককভাবে পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে, নেতানিয়াহুর জোটের আসনসংখ্যার চেয়ে এ সংখ্যা পাঁচটি কম। ফলে আরব দলগুলোর সমর্থন ছাড়া তাদের পক্ষে সরকার গঠন করা কঠিন।
আরব দলগুলোর সমর্থন অথবা ‘পরিবর্তন জোট’ থেকে কোনো দলের সদস্যদের দলত্যাগ ছাড়া আগামী ১০ নভেম্বর শপথ নিতে যাওয়া নতুন নেসেটে নেতানিয়াহু কিংবা তাঁর সায়োনিস্ট বিরোধীদের কারও পক্ষেই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে না।
১৩৫ বার পড়া হয়েছে