শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছে স্থাপনের দাবিতে অবরোধ-মিছিল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় ডামুড্যার পরিবর্তে জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শরীয়তপুর। মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মশাল মিছিলের মাধ্যমে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় 'শরীয়তপুরের সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আন্দোলন চলাকালে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে সদর, জাজিরা ও নড়িয়া উপজেলার শিক্ষক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন।
বক্তারা জানান, ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টির আইন পাসের পর সদর উপজেলার ডোমসার ও নড়িয়ার নশাসন এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে ভাবা হয়েছিল। তবে সম্প্রতি নতুন উপাচার্য নিয়োগের পর জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের পূর্ব ডামুড্যা এলাকায় ক্যাম্পাস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। এর ফলেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় আন্দোলনকারীদের মতে, বিশ্ববিদ্যালয়টি পুরো জেলার সম্পদ এবং এটি এমন স্থানে হওয়া উচিত যেখানে সব উপজেলার শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারে। প্রয়োজনে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে জমি দিতেও রাজি আছেন বলে সমাবেশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে অনুমোদন পাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক কাজ ও স্থান নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। গত ১৬ অক্টোবর জাতীয় সংসদের হুইপ ও জেলা প্রশাসন ডামুড্যার প্রস্তাবিত জমি পরিদর্শনের পর থেকেই দফায় দফায় স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও আন্দোলন করে আসছেন আন্দোলনকারীরা।
১৪৮ বার পড়া হয়েছে