দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২৯
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান। মে মাসে একজনের মৃত্যু হয়। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৮৩১ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২২৯ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১২৭ বার পড়া হয়েছে