পটুয়াখালীতে কাফনের কাপড় পরে বসতভিটা রক্ষার অনশনে বীর মুক্তিযোদ্ধা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীতে নিজ বসতভিটা রক্ষা ও উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে কাফনের কাপড় জড়িয়ে অনশনে বসেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদার। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তিনি নিরাপদ বসবাসের নিশ্চয়তা এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকার বাসিন্দা এবং ৭৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার দীর্ঘদিন ধরে বসতভিটা দখলের চেষ্টার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে একাধিকবার তাঁকে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সরকারি ঘর বরাদ্দ পাওয়া সত্ত্বেও স্থানীয় এক প্রভাবশালী চক্রের বাঁধার কারণে ঘর নির্মাণের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
গত ১৪ সেপ্টেম্বর বিকেলে তাঁর বসতঘরে সন্ত্রাসী হামলা চালানো হলে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলায় কামাল গাজী, ফারুক গাজী, শামীম ও লিটন সহ আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামাকে অভিযুক্ত করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার বলেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেও আজ নিজ ভূমিতে শান্তিতে বসবাস করার অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। বারবার হুমকি এবং সন্ত্রাসী হামলার কারণে সরকারি বরাদ্দের ঘরের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় তিনি বসতভিটার নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সরাসরি সাহায্য চেয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা জানান, বিতর্কিত জমির মালিকানা মুক্তিযোদ্ধার নিজের না হওয়ায় আপাতত কাজ স্থগিত রয়েছে। জমি সম্পর্কিত নতুন আবেদন জমা দিলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
১০৮ বার পড়া হয়েছে