কুমিল্লা জামায়াতের দুই নেতার সদস্যপদ বাতিল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
তিনি জানান, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সভা চলাকালে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ২৬ অক্টোবর আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা ও আলোচনার পর কাজী দ্বীন মোহাম্মদ এবং একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করা হয়। পাশাপাশি মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।
ঘটনার দুই দিন পর, ১৬ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে মহানগর সংগঠনের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।
১৪ অক্টোবরের ঘটনার তদন্তে এর আগে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্য ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
অন্যদিকে, ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গত ১৫ অক্টোবর এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেয় দলটি।
১২৭ বার পড়া হয়েছে