মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা জিন্নাহ কবিরের
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৈষম্যহীন ও আদর্শ সমাজ গঠনে মাদক, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। মানিকগঞ্জের দৌলতপুরে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি তরুণ সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করে একটি সংঘাতমুক্ত নিরাপদ উপজেলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
রবিবার বিকেলে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির বলেন, কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অপরাধমূলক কর্মকাণ্ড মানিকগঞ্জের মাটিতে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সঠিক দিকনির্দেশনা দিয়ে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতায় দৌলতপুরকে একটি নিরাপদ, অহিংস ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। রাজনৈতিক সংঘাত বা বিভেদ নয়, বরং উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তির রাজনীতি চর্চা নিশ্চিত করতে হবে। সব ব্যক্তিগত হিংসা-বিদ্বেষ ভুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান জানান তিনি।
কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী। এতে বিশেষ অতিথি হিসেবে সাভার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ জামাল উদ্দিন সরকার, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু এবং ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়নসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
১১১ বার পড়া হয়েছে