খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীর রায়েরমহল এলাকায় বিএনপির অঙ্গসংগঠন তাঁতি দলের মহানগর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এই নৃশংস হামলা চালানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবির স্থানীয় হিল ক্যান্টিনের মালিক এবং সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনের নিজ বাসায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সন্ধ্যায় তিনজনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হিল ক্যান্টিনে প্রবেশ করে হুমায়ুন কবিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো. আবু সাঈদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। উল্লেখ্য, এর আগের দিন শনিবার রাতেও নগরীতে শহিদুল নামের অপর এক যুবককে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা।
১০৯ বার পড়া হয়েছে