কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরে পিটিআই প্রধানের শারীরিক অবস্থার অবনতির খবরের পরিপ্রেক্ষিতে আদালত এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের অধীনে এখন সাবেক এই তারকা ক্রিকেটারের চিকিৎসা চলবে।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যেকোনো বন্দীর স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার একটি মৌলিক মানবাধিকার। এই আদেশের ভিত্তিতে ইমরান খানের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই বোর্ডে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল ও ডা. উজমা খানকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী, সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার তার পরিবারকেই বহন করতে হবে। একই সঙ্গে তাকে হাসপাতালে স্থানান্তরের সময় যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকে কঠোর নজর রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে তার বিস্তারিত মেডিকেল রিপোর্ট পেশ করতে হবে।
পিটিআইয়ের মুখপাত্র নাঈম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আদালত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই তার চিকিৎসা চলবে। দলের আরেক মুখপাত্র জুলফিকার বুখারি আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে এটিকে অত্যন্ত স্বস্তিদায়ক বলে উল্লেখ করেছেন।
৭৩ বছর বয়সী সাবেক এই বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ক ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দলের নেতা-কর্মীরা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন যে, কারাগারে সঠিক চিকিৎসার অভাবে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
১০৯ বার পড়া হয়েছে