বিদেশের কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। এসব কেন্দ্রে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ২১ জন। বিদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই পাস করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এক বছরের ব্যবধানে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
অন্যদিকে, শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এ বছর ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৩৪৫টি। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি।
জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সব বোর্ড মিলিয়ে পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
১২৮ বার পড়া হয়েছে