সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের দফায় দফায় গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
কলাবুনিয়া এলাকায় দুপুর পৌনে ১টা থেকে সশস্ত্র দুটি দলের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় শুরু হয়। স্থানীয়দের তথ্যমতে, সাজেক ও আশপাশের পার্বত্য অঞ্চলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই মূলত ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে এই সশস্ত্র সংঘাতের সূত্রপাত ঘটে। তবে ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত এতে কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, অস্ত্রধারী দুটি দলের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সার্বিক শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সাজেকের চাইলাতলী এলাকায় প্রতিপক্ষের হামলায় সানজিতা ত্রিপুরা নামের এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। এরপর থেকে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সাজেকে আধিপত্য প্রতিষ্ঠায় তারা আরও মরিয়া হয়ে উঠে।
অন্য একটি সূত্রে জানা গেছে, সাজেক এলাকা থেকে জেএসএসের কার্যক্রম প্রত্যাহারের দাবিতে গত ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ চলছে। একদিকে লাগাতার সংঘাত এবং অন্যদিকে সুদীর্ঘ অবরোধের ফলে সাজেক ও আশপাশের এলাকার সাধারণ অধিবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং সর্বত্র চরম নিরাপত্তা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১০৯ বার পড়া হয়েছে