তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
আজ দুপুর সোয়া দুইটার দিকে আসামি দীপকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন।
রিমান্ড আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাঁকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ।
পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভাসছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার দিন নিহত তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, নিহত তাহসিফ তাঁর সিনিয়র বড় ভাই ছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে আসামি দীপের সরাসরি সম্পৃক্ততার সুস্পষ্ট তথ্য পাওয়া গেছে। মামলার রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাঁদের শনাক্ত করা এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ ছাড়া আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা। এসব যুক্তিতে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১০৮ বার পড়া হয়েছে