এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবেন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁকে শুধু সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ, যেসব বিষয়ে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন, সেসব বিষয়ে আবার পরীক্ষা দিতে হবে না।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে একযোগে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
এবার পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার এ ঘোষণা আসে।
১৭২ বার পড়া হয়েছে