চাঁপাইনবাবগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। বিজয়ী কুরআনের হাফেজদের সম্মাননা ও পুরস্কার প্রদানের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।
হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।
আয়োজনে সম্মানিত আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের জেলা সভাপতি হাফেজ কারী মাওলানা মো. মাহবুবুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন মো. জাহাঙ্গীর আলম।
প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার আলেম-উলামা, হাফেজ, শিক্ষক ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
আলোচকেরা বলেন, পবিত্র কুরআন হিফজ করা মানবজীবনের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি অর্জন। কুরআনের আলোকময় শিক্ষা সমাজকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। নতুন প্রজন্মকে ইসলামের সঠিক দর্শনে উৎসাহিত করতে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজনের ওপর জোর দেন তাঁরা।
১৪৪ বার পড়া হয়েছে