আজ মধ্যরাত থেকে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে নদী ও সাগরে জাটকা ইলিশ শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির ছোট জাটকা ধরা, পরিবহন ও মজুত সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখেছে প্রশাসন।
মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের নির্দেশনায় ইলিশের বংশবৃদ্ধি অক্ষুণ্ন রাখতে আগামী আট মাসজুড়ে নদী ও সাগরে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা শিকার, ক্রয়-বিক্রয় কিংবা পরিবহন করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
অবরোধকালীন সময়ে জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পটুয়াখালী জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত জেলেরা চার মাসব্যাপী প্রতি মাসে ৪০ কেজি করে বিনামূল্যে চাল পাবেন।
জাটকা রক্ষায় সাগর ও নদীতে পটুয়াখালী জেলা প্রশাসন, কোস্টগার্ড, জেলা মৎস্য অফিস ও নৌপুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাটকা শিকার ও পরিবহনে কঠোর আইনি পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছেন।
১১৩ বার পড়া হয়েছে