সর্বশেষ

সারাদেশ

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস, শতভাগ পাস ৪টিতে

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৫টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, বোর্ডের অধীন মাত্র চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শূন্য পাসের এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন। অকৃতকার্য হয়েছেন ৪৭ হাজার ৪৩৫ জন।

এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। গত পাঁচ বছরের মধ্যে এ বছর বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা সর্বনিম্ন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ৪৫৬টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসব জেলার ১৯৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যে ১৫ কলেজে কেউ পাস করেননি

শূন্য পাসের তালিকায় রয়েছে চাঁদপুর সদরের চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মতলব দক্ষিণের ড. এম. শামসুল হক মডেল কলেজ, কুমিল্লার লালমাই সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ, চৌদ্দগ্রামের বগৈর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ব্রাহ্মণপাড়ার প্রফেসর সিকান্দার আলী ভূঁইয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের ক্যামব্রিজ সিটি কলেজ, কমলনগরের তুরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ও ফজু মিয়াৰ হাট হাই স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এ তালিকায়।

তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দীন আলোকিত কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ।

শতভাগ পাস করা চার কলেজ

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ পাসের তালিকায় রয়েছে চারটি প্রতিষ্ঠান। এগুলো হলো কুমিল্লা সদরের ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, মেঘনা উপজেলার মুজাফফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

ইংরেজি ও উচ্চতর গণিতে বেশি ফেল

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এবার ইংরেজি ও উচ্চতর গণিতে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, কয়েকটি আন্দোলন এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এর উল্লেখযোগ্য কারণ বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার বিষয়টিও ফলাফলে প্রভাব ফেলেছে বলে জানান তিনি।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, শূন্য পাসের ১৫টি কলেজকে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের তুলনায় কমেছে পাসের হার

২০২৫ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ জনে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০