সর্বশেষ

শিক্ষা

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর, ফি ১৫০ টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন ও ফি জমা দিতে হবে। কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি। তাঁদের জন্য ফল পুনর্নিরীক্ষণের সুযোগ রেখেছে শিক্ষা বোর্ডগুলো।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রোববার (১ নভেম্বর) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত।

ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত আবেদন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নির্দিষ্ট ঘরে পরীক্ষার রোল ও নিবন্ধন নম্বর লিখে ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। পরে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল পর্দায় দেখা যাবে। যেসব বিষয়ে পুনর্নিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। কোনো বিষয়ের দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। অর্থ পরিশোধের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।

ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই পুনর্নিরীক্ষণের আবেদন সম্পন্ন হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, একবার আবেদন জমা ও ফি পরিশোধের পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবার আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি জমা দেওয়ার আগে আবেদন করা বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে আগে নির্বাচন করা বিষয় বাদ দিয়ে নতুন বিষয় যুক্ত করা যাবে। তবে যেসব বিষয়ের জন্য ইতিমধ্যে ফি পরিশোধ করা হয়েছে, সেগুলো আর বাতিল করা সম্ভব হবে না।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিলের কোনো সুযোগ থাকবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই পরিশোধ করা আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০