ডুবে গেছি সেই কবে!!
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বন্যার পানিতে ডুবে গেছে ঘর
বানের পানির তোড়ে ভেসে যাচ্ছে কবর,
প্রাণান্তকর প্রচেষ্টা বাবার—
রক্ষা করতেই হবে প্রিয় সন্তানের শেষ স্মৃতি চিহ্ন।
সে জানে না রক্ষা হবে কি না
তবুও চেষ্টা,
মন তো মানে না!!
ভেসে যাচ্ছে গবাদি পশু, রাস্তার কুকুর বিড়াল,
মাটিতে বসবাসরত অজস্র ছোট ছোট প্রাণীকূল।
এভাবেই কতো কি যে ডুবে যাচ্ছে পানির অতলে
দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কি- ই বা করার আছে!
শুধু যে বন্যার পানিতেই আমরা ডুবে গেছি তা তো নয়,
ডুবে গেছি উবে গেছি তো সেই কবেই-, অনিয়মের নিকষ কালো অন্ধকারের গহবরে,
অসভ্য অভব্য ভাষার আবির্ভাবে।
যেদিন নারীর সম্ভ্রম নিয়ে অশ্লীল শ্লোগান হয়েছে
মিছিলে অশ্রাব্য ভাষার জয়গান বেড়েছে,
সেদিনই অশ্লীল বাক্যবাণ থেকে বাঁচতে কান কে করেছি বধির
ডুব দিয়েছি অসভ্য কথার থেকে অনেক দূরে
কথাদের আড়ালে!
শিশুর উপর নির্যাতন শেষে যেদিন
খন্ড বিখন্ড টুকরো লাশের খবর দেখেছি —
সেদিনই তো আতঙ্কিত হয়ে লুকিয়েছি
বদ্ধ ঘরের অভ্যন্তরে
ডুব দিয়েছি অন্ধকার গুহার ভেতরে।
শুধু কি পানিতে ডুবেই মানুষ মরে?
মানুষ তো মরে অনিয়মের অসুখে,
হামের টিকার অভাবে
মরছে শিশু।
ধর্ষণ, অত্যাচার নির্যাতনে, খাবারের অভাবে, অভাব অনটনে মরছে নির্বিচারে।
যেদিন থেকে অনিয়মের চাবুক পিঠে পড়তে শুরু করেছে —
সেদিন থেকেই অনিশ্চয়তাকে সাথী করে কোথায় যে লুকিয়েছি,
এখন আর কেউ তেমন খুঁজে পায় না,
নিজেও নিরাপত্তা খুঁজতে যাই না।
তারপরও বাঁচতে হয়,
বেঁচে আছি,
সভ্যতা ভব্যতা চিন্তা না করে
মুখে মুখোশ লাগিয়ে
ডুবে আছি মুখোশের আড়ালে!!
১৪৯ বার পড়া হয়েছে