পল্টন ট্র্যাজেডির জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঐতিহাসিক ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে জেলা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির আওয়ামী লীগকে একটি ‘ফ্যাসিবাদী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন।
সমাবেশে প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল অভিযোগ করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শাসনামলে ক্ষমতার অপব্যবহার, লুটপাট ও অনিয়মের মাধ্যমে দেশে চরম অস্থিরতা তৈরি করেছিল তৎকালীন সরকার। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচির নামে লগি-বৈঠা নিয়ে যে তাণ্ডব চালানো হয়েছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায়।
তিনি আরও বলেন, ওই দিনের হামলায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বহু নেতাকর্মী নির্মমভাবে শহীদ হন। নিহতদের লাশের ওপর তাণ্ডব চালনাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশ শেষে শহরজুড়ে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় ও তুফান মোড় হয়ে বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা অবিলম্বে পল্টন ট্র্যাজেডির সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে, অপরাধীদের বিচার না হলে দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হবে।
১১১ বার পড়া হয়েছে