সাতক্ষীরায় এডিসি রিপনকে অপসারণের দাবিতে আইনজীবীদের আলটিমেটাম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের বিরুদ্ধে আইনজীবীদের লাঞ্ছিত ও আটকে রাখার অভিযোগে তাঁর অপসারণ চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি না মানলে টানা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।
জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১ অক্টোবর একটি মামলার শুনানি চলাকালে জ্যেষ্ঠ আইনজীবী আকরাম আলীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এডিসি রিপন বিশ্বাস।
বক্তারা আরও জানান, গত ২৬ অক্টোবর আইনজীবী সমিতির সদস্যসচিব নুরুল আমিনকে অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে প্রায় ৪৫ মিনিট আটকে রাখা হয়। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করা হয়।
মানববন্ধনে ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট ইব্রাহিম, অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ জেলা আইনজীবী সমিতির অন্য আইনজীবীরা বক্তব্য দেন।
তবে নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস। তিনি দাবি করেন, সরকারের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ভিপি আইনজীবী নুরুল আমিনের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তাঁর বিরুদ্ধে এমন মিথ্যা ও প্রতিহিংসামূলক অভিযোগ তোলা হচ্ছে। তাঁর কাছে ঘটনার ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।
১১২ বার পড়া হয়েছে