সর্বশেষ

সারাদেশ

শ্যালিকাকে বিয়ের পর তুমুল বিতর্ক: অবশেষে মাসুদকে তালাক দিলেন পূর্ণিমা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর টিকটকার মাসুদ রানাকে আইনগতভাবে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন মাসুদ রানা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে গ্রামবাসীসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

নওগাঁর আলোচিত টিকটকার মাসুদ রানাকে আইনগতভাবে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। প্রথম স্ত্রীকে সঙ্গে রেখে আপন শ্যালিকাকে বিয়ে করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে এ ঘটনা ঘটল।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করেন মাসুদ রানা। পরে সরাসরি সম্প্রচারে এসে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি।

সরাসরি সম্প্রচারে মাসুদ রানা বলেন, ইসলামি শরিয়ত অনুযায়ী একই সঙ্গে দুই বোনকে বিয়ে করা জায়েজ নয়, বিষয়টি তাঁদের জানা ছিল না। না বুঝে তাঁরা ভুল করেছেন। এ ঘটনার কারণে বিভিন্নভাবে অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, তাঁরা নিজেদের ভুল সংশোধন করেছেন।

মাসুদ রানা আরও জানান, পূর্ণিমা তাঁকে আইনগতভাবে তালাক দিয়েছেন। বর্তমানে তাঁর প্রথম স্ত্রী মৌসুমীই স্ত্রী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন। তালাকের প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, এ বিষয়ে আর পোস্ট বা আলোচনা না করে তাঁদের যেন নতুন করে লাঞ্ছনার মুখে পড়তে না হয়, সে জন্য সবার সহযোগিতা চান। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও শরিয়াহবিরোধী কর্মকাণ্ডের জন্য পরিবারসহ সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ২৪ অক্টোবর নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকার বাসিন্দা ও আইনজীবীর সহকারী মাসুদ রানা তাঁর প্রথম স্ত্রী মৌসুমীর উপস্থিতিতে নিজের আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন। পরদিন ২৫ অক্টোবর বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে ছবি ও টিকটক ভিডিও প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়।

ঘটনার জেরে গত ২৬ অক্টোবর রাতে ক্ষুব্ধ স্থানীয় লোকজন মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে তাঁকে এলাকা থেকে বের করে দেন বলে জানা যায়।

পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) মাসুদের শ্বশুরবাড়ির উঠানে গ্রাম্য সালিশ বৈঠক বসে। সেখানে গ্রামবাসীর সামনে মাসুদের শ্বশুর মান্নান সাপুরে ও তাঁর ছোট মেয়ে পূর্ণিমা হাত জোড় করে ক্ষমা চান। ওই দিনই ফেসবুক সরাসরি সম্প্রচারে এসে মাসুদ রানা ভুল স্বীকার করেন এবং দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার কথা জানান।

এর ধারাবাহিকতায় বুধবার পূর্ণিমার পক্ষ থেকে আইনগতভাবে তালাক সম্পন্ন হওয়ার কথা জানান মাসুদ রানা। তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো টিকটক করবেন না। ইতিমধ্যে তাঁর ফেসবুকের টিকটক-সংক্রান্ত অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দিয়েছেন বলে জানান তিনি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০