সাতক্ষীরায় ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দিল জেলা পরিষদ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বুধবার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেওয়া হয়। জেলা পরিষদের এই উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি পড়ালেখায় আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক সুধাংশ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ সমাজকে মোবাইল ফোনের অপব্যবহার, ক্ষতিকর অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকার কঠোর উপদেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, অধ্যাপক মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান এবং শফিকুল ইসলাম। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনীতিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাইসাইকেল প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়।
১১০ বার পড়া হয়েছে