ফোন না ধরায় খুলনায় রেস্টুরেন্টে বখাটেদের হামলা ও তাণ্ডব
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীর পিটিআই মোড় এলাকায় ফোন না ধরার অজুহাতে একটি রেস্টুরেন্টে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে আহসান আহমেদ রোডের 'চাইনিজ প্যালেস' নামের রেস্টুরেন্টটিতে চার-পাঁচজন বখাটে যুবক এই তাণ্ডব চালায়। একের পর এক এমন ঘটনায় নগরীর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেস্টুরেন্ট কর্মচারীদের সূত্রে জানা যায়, চার-পাঁচজন যুবক হঠাৎ প্রতিষ্ঠানে প্রবেশ করে চেয়ার ছুড়ে ও লাথি মেরে সামনের কাচ ভেঙে ফেলে। সেই সঙ্গে ভেতরের আসবাবপত্র তছনছ করে দ্রুত সটকে পড়ে তারা। তবে এই তাণ্ডবের ঘটনায় কেউ আহত হননি।
রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে ২২ থেকে ২৪ বছর বয়সী চার যুবককে ভাঙচুরে অংশ নিতে দেখা গেছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, কে বা কারা ফোন করেছিল তা তারা বুঝতে পারেননি। কেবল ফোন রিসিভ না করার অজুহাতেই এই ঘটনা ঘটানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ফোন না ধরাকে কেন্দ্র করেই কতিপয় বখাটে যুবক এই হামলা চালিয়েছে। খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয় এবং জড়িতদের দ্রুত শনাক্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে শনিবার নগরীর সন্ধানী ক্লিনিকেও একই ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি প্রতিষ্ঠানে এমন হামলায় স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে