সর্বশেষ

সারাদেশ

সদরপুরে চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে অভিযানের খবর পেয়ে ৪৭টি ফার্মেসি বন্ধ পাওয়া যায়। তবে ওষুধ ব্যবসায়ীদের সংগঠনের দাবি, মঙ্গলবার ছিল সাপ্তাহিক ছুটির দিন।

ফরিদপুরের সদরপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, যৌন উত্তেজক ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়। এর মধ্যে খান ফার্মেসিকে ১০ হাজার টাকা, ভোলানাথ ফার্মেসিকে ৫ হাজার টাকা, লোকনাথ ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং চৌধুরী মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর বাজারে প্রায় ৫০টি ফার্মেসি রয়েছে। অভিযান শুরুর খবর ছড়িয়ে পড়ার পর চারটি ফার্মেসি ছাড়া অন্যগুলো বন্ধ পাওয়া যায়। অভিযানের খবর পেয়ে এসব ফার্মেসির মালিকেরা দোকান বন্ধ করে সরে পড়েন বলে স্থানীয় সূত্রের ভাষ্য।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সদরপুর ওষুধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরু রাহাত। তিনি বলেন, অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে সরে পড়ার বিষয়টি সঠিক নয়। মঙ্গলবার ওষুধের দোকানগুলোর সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় অনেক দোকান বন্ধ ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ বলেন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০