সাহিত্য
‘ডাকনাম নয়ন’ কবিতায় কবি শারমিন ফেরদৌস একটি ছোট্ট নামের মাধুর্য, তার গভীর অর্থ এবং ভালোবাসার অনুভূতি তুলে ধরেছেন। ‘নয়ন’ নামটিকে কেন্দ্র করে স্মৃতি, মায়া ও মানুষের প্রতি ভালোবাসার এক কোমল আবহ তৈরি হয়েছে কবিতাটিতে।
ডাকনাম নয়ন
শারমিন ফেরদৌস
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
‘ডাকনাম নয়ন’ কবিতায় কবি শারমিন ফেরদৌস একটি ছোট্ট নামের মাধুর্য, তার গভীর অর্থ এবং ভালোবাসার অনুভূতি তুলে ধরেছেন। ‘নয়ন’ নামটিকে কেন্দ্র করে স্মৃতি, মায়া ও মানুষের প্রতি ভালোবাসার এক কোমল আবহ তৈরি হয়েছে কবিতাটিতে।
শারমিন ফেরদৌস
কোথায় যেন পড়েছিলাম
গল্পের নামটা
ঠিক মনে করতে পারছি না।
অনেকগুলো পৃষ্ঠা ছিল,
গল্প একটাই, তবে
এর পরিচ্ছেদ অনেক।
এক বসাতে পুরো গল্পটাই
পড়ে ফেলেছিলাম।
কী জানি কেন ভুলে গেলাম!
গল্পের একটা ডাকনাম থাকলে
মন্দ হতো না।
যত্ন করে ছোট্ট নাম ধরেই
আপন মানুষের মতো
ডাকা যেত।
আচ্ছা, মানুষের দুটো নাম কেন হয়?
একটা ডাকনাম থাকলেই তো হতো!
ভালো নামের আড়ালে
ডাকনামটা তাহলে
মুছে যেত না।
কী মিষ্টি দু-তিন অক্ষরের নাম—নয়ন!
খুব সহজেই ডাকা যায়।
যদিও নামটা ছেলে-ছেলে শোনায়,
আমার কিন্তু বেশ লাগে।
ওই ছোট্ট নামটার
কী সুন্দর অর্থ—‘চোখ’!
ডাকনামটা আমাকে ভীষণ টানে।
ছোট্ট নামের গভীর অর্থে
নিজেকে ডুবিয়ে দিই।
নয়নের নয়নজলে
সকলের জন্যই জন্ম নেয়
ভালোবাসা।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর