বান্দরবানে ক্রীড়াঙ্গনের উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস মন্ত্রীর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং স্থানীয় ক্রীড়াবিদদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। এ সময় তিনি স্টেডিয়াম সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলাধুলার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে স্থানীয় ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বান্দরবান হিল রানার্সসহ ফুটবল, ক্রিকেট, কারাতে, বক্সিং, উশু, দাবা, কাবাডি ও হকির সঙ্গে যুক্ত ক্রীড়াবিদ এবং প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা। সঞ্চালনা করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম।
মতবিনিময় সভায় মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার কাজ করছে। বান্দরবানে স্টেডিয়াম সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়াবিদেরা যাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্টেডিয়ামগুলোর উন্নয়ন করা হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগও সম্প্রসারিত হবে।
জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, জেলার বিভিন্ন খেলার উন্নয়ন, ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং খেলাধুলার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।
সভায় বান্দরবান হিল রানার্সের সভাপতি ডা. শান্তনু দাশ বলেন, কিশোর-তরুণসহ সব বয়সী মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কাজ করছে সংগঠনটি। তিনি সবাইকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার পাশাপাশি অন্যদেরও খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।
তিনি জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দুটি ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বান্দরবান হিল রানার্সের ১০ থেকে ১২ জন সদস্য।
বান্দরবান ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক শিমুল দাশ সভায় রেফারিদের কাজের সুবিধার্থে একটি পৃথক কক্ষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় রেফারিদের দায়িত্ব পালনের সুযোগ এবং এ-সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবর রশিদ ও সা শৈ প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য (ক্রীড়া) কাজী নিরুতাজ বেগম, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি উম্মে কুলসুম লীনা, বান্দরবান হিল রানার্সের সাধারণ সম্পাদক মো. আরিফ, বান্দরবান বক্সিং একাডেমির চেয়ারম্যান মো. মাহফুজুর রশিদ বাচ্চু, জেলা ফুটবলের সিনিয়র কোচ মো. শহীদুল রহমান (সোহেল) এবং বান্দরবান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা।
মতবিনিময় সভার একপর্যায়ে ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৭৮ বার পড়া হয়েছে