বিএনপি সরকারের বিরুদ্ধে নাহিদ ইসলামের সমালোচনা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, অতীতের মতো বর্তমান সরকারও পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির রাজবাড়ী জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অতীতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাদক কারবারিদের প্রশ্রয় দিতেন বলে অভিযোগ ছিল। এখন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে।
তিনি অভিযোগ করেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকাতেই মাদক নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। এ ছাড়া ব্যাংকিং খাতে এখনো প্রত্যাশিত সংস্কার হয়নি বলে মন্তব্য করেন তিনি। ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমেই কমছে বলেও বক্তব্যে উল্লেখ করেন নাহিদ ইসলাম।
পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। ক্রসফায়ার-সংক্রান্ত একটি বক্তব্যের জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে বর্তমান সরকার অতীতের মতো পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।
সভায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা থেকে আসা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
১১১ বার পড়া হয়েছে