পুঠিয়ায় ৩ কেজি গাঁজা ও ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ৩ কেজি গাঁজা ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাঁদের এক সহযোগী পালিয়ে গেছেন।
রাজশাহীর পুঠিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে পুঠিয়া উপজেলার খুটিপাড়া পোল্লাপুকুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় জুয়েল রানার ডাউল মিলের পেছনের ফাঁকা জায়গা থেকে মো. দীন মোহাম্মদ অন্তর (২৪) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দীন মোহাম্মদ অন্তর রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ভাংড়া গ্রামের সাবান আলীর ছেলে।
অন্যদিকে, একই রাতে পুঠিয়া উপজেলার ৫ নম্বর শিলমাড়িয়া ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের কার্তিকপাড়া বাজার থেকে রাতোয়ালগামী সড়কের পাশে আরেকটি অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় স্থানীয় আলতাব মেম্বারের আবাদি জমির পূর্ব পাশের কাঁচা রাস্তার সামনে থেকে মো. লিমন আলী (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লিমন আলী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ধাদাস পূর্বপাড়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে।
পুলিশ আরও জানায়, ওই অভিযানের সময় মো. মাইনুল ইসলাম (২২) নামের এক সহযোগী পালিয়ে যান। তিনি একই এলাকার ধাদাস পূর্বপাড়া গ্রামের মাহাবুলের ছেলে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তার দুই যুবক ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৩১ বার পড়া হয়েছে