সর্বশেষ

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, ধীর উদ্ধারকাজে বাড়ছে ক্ষোভ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৭ জুন, ২০২৬ ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের ধীরগতিকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। এদিকে আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে।

ভেনেজুয়েলায় গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় শত শত ভবন ধসে পড়ে এবং ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

শুক্রবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, সরকারি হিসাবে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এর আগে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ।

দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা রাজ্য পরিদর্শনের সময় দেলসি রদ্রিগেজ জানান, বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা পৌঁছাতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, এই দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এদিকে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় প্রায় ৪৯ হাজার ৬০০ জনের নাম যুক্ত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

সরকারি তথ্যে বলা হয়েছে, অন্তত ২৫০টি ভবন সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে আটটি হাসপাতাল, একটি রেডক্রস ভবন এবং ফরাসি দূতাবাস ভবন।

ভেনেজুয়েলার আধুনিক ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৯৬৭ সালের বড় ভূমিকম্পে দেশটিতে ২৪০ জনের মৃত্যু হয়েছিল।

ভূমিকম্পের দুই দিন পরও অনেক এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া মানুষের আর্তনাদ শোনা গেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা সীমিত সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক জায়গায় মশাল জ্বালিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপকূলীয় শহর লা গুয়ারার বাসিন্দা হুয়ান অর্তিজ জানান, তাঁর এক বন্ধু মারা গেছেন এবং আরেকজন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। পরিচিত অন্তত ২০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

চাকাও এলাকার মেয়র গুস্তাভো দুকে বলেন, অনেক মানুষ এখনও জীবিত অবস্থায় আটকে থাকতে পারেন বলে উদ্ধারকর্মীরা আশা করছেন এবং তাঁদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ভূমিকম্পে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। লা গুয়ারার বাসিন্দা পেদ্রো পেরেজ জানান, তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে এখন রাস্তায় বসবাস করতে হচ্ছে।

একই অবস্থা উপকূলীয় মোরন শহরেও। সেখানে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ করছে।

লা গুয়ারার একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে নিজের মাকে খুঁজছেন প্যারামেডিক রত্নি বোম্বার্ট। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পর দীর্ঘ সময় কোনো সরকারি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে স্থানীয় মানুষ খালি হাতে উদ্ধার অভিযান শুরু করেন।

তিনি জানান, ধ্বংসস্তূপের মধ্যে বিচ্ছিন্ন দেহাবশেষ ও শিশুদের মরদেহ দেখার মতো ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

আরেক উদ্ধারকর্মী দিয়েগো গঞ্জালেস বলেন, পর্যাপ্ত ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় মানুষ কেবল হাত দিয়েই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন।

দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স, তুরস্ক, সুইজারল্যান্ড, কাতার, ডমিনিকান প্রজাতন্ত্রসহ একাধিক দেশ সহায়তার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্র ১৫ কোটি ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্র দ্রুত উদ্ধারকারী দল, চিকিৎসাসহায়তা ও মানবিক ত্রাণ পাঠাচ্ছে।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। তাঁর মতে, এই দুর্যোগ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের সমন্বিত বড় ধরনের মানবিক সহায়তা প্রয়োজন। কারণ, ভূমিকম্পের আগেই দেশটির লাখো মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন