রোহিঙ্গা মামলার রায়
গণহত্যার প্রমাণ ধ্বংস করেছে মিয়ানমার: আইসিজে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানের প্রমাণ মুছে ফেলতে মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এবং বিভিন্ন স্থানে বুলডোজার চালিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। তাঁর মতে, এসব কর্মকাণ্ডের কারণে ওই সময়ের ঘটনা নিয়ে কার্যকর তদন্ত পরিচালনা বাধাগ্রস্ত হয়েছে।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু হয়। আন্তর্জাতিক বিচার আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পাঠ করেন বিচারক ইওয়াসাওয়া ইউজি।
রায় পাঠের একপর্যায়ে বিচারক বলেন, মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে এবং বিভিন্ন উপায়ে সেগুলো সরিয়ে ব্যাপকভাবে গণহত্যার আলামত ধ্বংস করেছে। ২০১৭ সালে যেসব এলাকায় তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চালানো হয়েছিল, সেসব স্থানে অগ্নিসংযোগ ও বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ওই সময় কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
বিচারক আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিয়ানমারের সামরিক বাহিনীর কিছু বার্তায় অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় জড়াতে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছিল বলে আদালত মনে করে।
ইওয়াসাওয়া ইউজি বলেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ ঘিরে তৈরি পরিস্থিতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সহিংস কর্মকাণ্ডের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ক্ষেত্রে মিয়ানমারের উদ্দেশ্য বাস্তবায়নের ভিত্তিও তৈরি করেছিল।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত ওই অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হন। অভিযানের সময় নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে।
এ ছাড়া ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে তথ্য পেয়েছে আদালত। বিচারক ইওয়াসাওয়া ইউজি এই সংখ্যাকে ‘নিঃসন্দেহে উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, সেই বিষয়গুলো নির্ধারণ করছেন আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকেরা।
১১৬ বার পড়া হয়েছে