ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতার প্রেমের যত গুঞ্জন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে শুরু করে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি—বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যে কিছু সম্পর্কের খবর অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন, আবার কিছু গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আজ তার ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক আলোচিত সেই সম্পর্কগুলোর গল্প।
২০১৩ সালে ওয়াসিম আকরামের সঙ্গে সুস্মিতা সেনের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০০৮ সালে একটি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করার সময় দুজনের পরিচয় হয়েছিল। তবে বিয়ের খবর অস্বীকার করে সুস্মিতা জানিয়েছিলেন, ওয়াসিম আকরাম তার বন্ধু এবং বন্ধুই থাকবেন। আকরামও এ খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছিলেন।
বলিউডে অভিষেকের সময় চিত্রনাট্যকার বিক্রম ভাটের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন ওঠে। এরপর অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০০৬ সালে শুরু হওয়া সেই সম্পর্ক প্রায় তিন বছর স্থায়ী হয়েছিল। এ ছাড়া চলচ্চিত্র নির্মাতা মুদাসসর আজিজ এবং মুম্বাইয়ের ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও সুস্মিতার প্রেমের খবর বিভিন্ন সময়ে প্রকাশিত হয়।
মডেল রেহমান শালের সঙ্গে সুস্মিতার সম্পর্কও ছিল বেশ আলোচিত। ২০২১ সালের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিচ্ছেদের খবর জানান অভিনেত্রী। তবে সম্পর্কের ইতি ঘটলেও দুজনের বন্ধুত্ব অটুট থাকবে বলে উল্লেখ করেছিলেন তিনি।
এরপর ২০২২ সালের জুলাইয়ে নতুন করে আলোচনায় আসেন সুস্মিতা। ওই সময় আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি অভিনেত্রীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে তাদের প্রেমের সম্পর্কের কথা জানান। এ নিয়ে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে সুস্মিতা স্পষ্ট করে জানান, তার বিয়ে হয়নি, এমনকি আংটিবদলও হয়নি।
১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া ও একই বছর মিস ইউনিভার্সের মুকুট জিতে পরিচিতি পান সুস্মিতা সেন। পরে ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ সিরিজের মাধ্যমে অভিনয়ে ফেরেন এই অভিনেত্রী।
ব্যক্তিজীবনে সুস্মিতা দুই কন্যাসন্তানের মা। ২০০০ সালে রেনে এবং ২০১০ সালে আলিশাহকে দত্তক নেন তিনি।
২০২৪ সালে রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন সুস্মিতা। সেখানে তিনি জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি।
১২৩ বার পড়া হয়েছে