আওয়ামী লীগের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেবে জামায়াত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া আগামী ২১ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ডিসেম্বর মাসের কর্মসূচি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।
চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে বলে জানান গোলাম পরওয়ার। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।
গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, একটি নির্বাচিত সরকারের সময়ে এ ধরনের ঘটনা কাম্য নয়। অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, দেশে আদৌ কোনো সরকার আছে কি না।
প্রতিবেশী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে অপরাধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। ওই আসামিকে ফেরত পাঠানোর বিষয়ে সামরিক বিমান পাঠানোর কথা বলারও সমালোচনা করেন জামায়াতের এই নেতা।
দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করছেন। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। গোপালগঞ্জ ও মাদারীপুরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে না, এসব এলাকা দেশের অংশ।
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসার আহ্বান জানান গোলাম পরওয়ার। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো ফ্যাসিবাদের জায়গা না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৩১ বার পড়া হয়েছে