‘আলো আসবেই’ গ্রুপ: অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর তুরাগ এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।
‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে আলোচনায় এসেছিলেন জ্যোতিকা জ্যোতি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই গ্রুপের কথোপকথন ফাঁস হলে এর সদস্যদের নিয়ে সমালোচনা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে। ফাঁস হওয়া কথোপকথনে জ্যোতির নামও উঠে আসে।
পরে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা জ্যোতি। তিনি দাবি করেন, ঢাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য জানাতেই তিনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন তথ্য দিতেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের বাধার মুখে পড়েন তৎকালীন পরিচালক জ্যোতি। পরে ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
এ ছাড়া ২০২৬ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও রয়েছে।
১২৯ বার পড়া হয়েছে