সর্বশেষ

আন্তর্জাতিক

মসজিদে আশ্রয় নেওয়া লস্কর কমান্ডার নিহত কাশ্মীরে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তাইয়েবার কমান্ডার লতিফ ভাট নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে একটি মসজিদের ভেতর থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশের ভাষ্য, নিরাপত্তা বাহিনীর সদস্যরা লতিফ ভাটকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তিনি একটি মসজিদের ভেতরে অবস্থান করায় তাঁকে নিরাপদে বের করে আনার চেষ্টা করা হয়। এ জন্য ভিডিও কলের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেন পুলিশ কর্মকর্তারা। তাঁকে জীবনের মূল্য বোঝানোর পাশাপাশি আত্মসমর্পণের জন্য বারবার অনুরোধ করা হয়। মসজিদের বাইরেও মাইকে ঘোষণা দিয়ে একই আহ্বান জানানো হয়। তবে তিনি তাতে সাড়া দেননি।

কুলগামের জ্যেষ্ঠ পুলিশ সুপার আনায়াত আলী জানান, তিনি নিজেও দীর্ঘ সময় ভিডিও কলে লতিফের সঙ্গে কথা বলেছেন। তাঁকে বলা হয়েছিল, সামনে তাঁর অনেক জীবন পড়ে আছে এবং তিনি বয়সেও তরুণ। কিন্তু কোনো অনুরোধেই তিনি আত্মসমর্পণে রাজি হননি।

পুলিশ কর্মকর্তার তথ্য অনুযায়ী, রাত ২টা ৪৫ মিনিটের দিকে লতিফ নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। এরপর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। মসজিদের ভেতরে অবস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম দেখিয়েছিল বলেও জানান তিনি।

পুলিশের দাবি, গত ১১ নভেম্বর আখরান এলাকায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলায় জড়িত ছিলেন লতিফ। ওই হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত হন। এ ঘটনায় তাঁর সহযোগী উমর নিসার দার সোমবার কুলগামে পৃথক বন্দুকযুদ্ধে নিহত হন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর লতিফ ও উমর নিসার দার আখরান, মীরবাজার, হাবলিশ ও কিলাম এলাকার কয়েকটি স্থানে ঘুরে নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য অবস্থান পর্যবেক্ষণ করেন। হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ ও পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা এসব এলাকায় নজরদারি চালিয়েছিলেন বলে পুলিশের দাবি।

পরদিন ১১ নভেম্বর আখরানে সিআরপিএফের চেকপোস্টে হামলা চালিয়ে তাঁরা পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য, উমর নিসার দার গত পাঁচ থেকে ছয় মাস ধরে লতিফকে আশ্রয় ও অন্যান্য সহযোগিতা দিয়ে আসছিলেন। দার নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরিও করেছিল।

এ ছাড়া গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের ওপর হামলার ঘটনায়ও লতিফের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। গত ১ আগস্ট কুলগামে দুই অভিবাসী শ্রমিক হত্যার পেছনেও তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

লতিফ নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান সিআরপিএফপ্রধান জিপি সিং। সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, কিছু প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়াই ভালো।

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকেও এক্সে একটি বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, কেউ পালিয়ে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত লুকিয়ে থাকতে পারে না।

এর আগে লতিফ ও তাঁর সহযোগীকে ধরতে কুলগামে বড় পরিসরে তল্লাশি ও ঘেরাও অভিযান চালানো হয়েছিল। এ সময় পাঁচ শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০