সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। অডিওতে হুমকিদাতা নিজেকে ২০২৪ সালের অক্টোবরে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক আসামি জিশান আখতার বলে পরিচয় দিয়েছেন। তবে অডিওটি সত্যিই জিশান আখতার পাঠিয়েছেন, নাকি কেউ তাঁর পরিচয় ব্যবহার করে তৈরি করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর ভারতের বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধী চক্র রোহিত গোদারা গ্যাংয়ের নামে অডিওটি ছড়ানো হয়েছে।
২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জিশান আখতার। তদন্তের শুরুতে তাঁকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সমন্বয়কারী হিসেবে শনাক্ত করা হয়েছিল।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি অযাচাইকৃত ভিডিওতে জিশান আখতার দাবি করেন, তিনি ভারত ছেড়ে পালিয়েছেন এবং রোহিত গোদারা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুরকে ঘিরে সাম্প্রতিক একটি বিতর্কের জেরে এ হুমকি দেওয়া হয়ে থাকতে পারে।
মুম্বাই পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, হুমকির অডিওটি জিশান আখতারের কাছ থেকে এসেছে, নাকি অন্য কেউ তাঁর পরিচয় ব্যবহার করেছেন, তা যাচাই করা হচ্ছে। পুলিশের ফরেনসিক ও সাইবার অপরাধবিষয়ক দল অডিওর কণ্ঠস্বরের বৈশিষ্ট্য পরিচিত নমুনার সঙ্গে মিলিয়ে দেখছে।
চলচ্চিত্রজগতের পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া হুমকির ফোন ও অডিও তৈরির ঘটনা সম্প্রতি বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে হুমকির অভিযোগে প্রকৌশলী গ্রেপ্তার
চলতি মাসের শুরুতে একই ধরনের হুমকির অডিও পাঠানোর অভিযোগে ৩০ বছর বয়সী বৈভব মিশ্রকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের অপরাধ শাখা। তিনি ভারতের ইনস্টিটিউট অব টেকনোলজির স্নাতক এবং বেঙ্গালুরুতে প্রযুক্তিবিদ হিসেবে কাজ করতেন। অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে বৈভব মিশ্রের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কণ্ঠস্বর নকলের সফটওয়্যার এবং ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব ব্যবহারের তথ্য পাওয়া গেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিতে তিনি ‘হ্যারি বক্সার’ ও ‘অনিল পণ্ডিত’সহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
তুষার কাপুরের কাছে পাঁচ কোটি রুপি এবং আয়ুষ্মান খুরানার কাছে কয়েক কোটি রুপি চাঁদা দাবির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। মুম্বাই পুলিশের সূত্রের দাবি, মিশ্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হুমকি দিলেও কোনো অপরাধী চক্রের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল না। সাম্প্রতিক কয়েকটি আলোচিত নিরাপত্তা ঘটনার পর তিনি ৫০ জনের বেশি তারকাকে বার্তা পাঠিয়েছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সাইফ আলী খানকে ঘিরে সর্বশেষ হুমকির ঘটনা বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের জুহুর বাসার বাইরে গুলির ঘটনা ঘটেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে অভিনেতা অমিতাভ বচ্চনও মুম্বাইয়ের বাসায় সুরক্ষামূলক কাচের ঘের স্থাপন করেছেন।
এর আগে বান্দ্রায় নিজের বাড়ির ভেতরে ছুরিকাঘাতের হামলা থেকে বেঁচে যান সাইফ আলী খান। এ ছাড়া বান্দ্রায় অভিনেতা সালমান খানের বাসার বাইরে এবং জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়ির বাইরেও গুলি চালানোর ঘটনা ঘটেছে।
গত আগস্টে সাবেক বিধায়ক জিশান সিদ্দিকিও পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, পর্তুগাল থেকে আসা একটি নম্বরের ভয়েস বার্তায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ওই বার্তার বক্তা নিজেকে জিশান আখতার পরিচয় দিয়ে রোহিত গোদারা গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
১২৯ বার পড়া হয়েছে