গাড়িতে আগুন দেওয়া রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে অভিহিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না। তবে ভারত থেকে ‘পঞ্চম বাহিনীর’ ইন্ধনে ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করছে।
রিজভী আরও বলেন, যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না; তারা সন্ত্রাসী বাহিনী। বাংলাদেশের গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পাঠ্যপুস্তকে ইতিহাস উপস্থাপনের বিষয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, পাঠ্যপুস্তকে শুধু একটি দল ও তার নেতার ইতিহাস তুলে ধরা হয়েছিল। অন্য নেতাদের ছোট করে উপস্থাপন করা হয়েছিল।
এদিকে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পর যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁদের সময়েই দেশ চরম পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। বর্তমানে যে ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে অনেক রক্তপাতের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা আর বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।
১৩০ বার পড়া হয়েছে