সর্বশেষ

সারাদেশ

লকডাউন ডেকে উধাও আ.লীগ ঢাকা-চট্টগ্রাম সড়কে স্বাভাবিক যান চলাচল

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়মিতভাবে চলাচল করেছে। মহাসড়কের কোথাও লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত কুমিল্লার দাউদকান্দির টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে যান চলাচল ও মানুষের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। সড়কের দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা ছিল।

দাউদকান্দির বলদা খালের একটি মিষ্টান্ন ও নিত্যপণ্যের দোকানের ব্যবসায়ী সোহান বলেন, প্রতিদিনের মতোই তাঁরা স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতোই সবকিছু স্বাভাবিক রয়েছে। যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক। আজ বিশেষ কোনো কর্মসূচি রয়েছে, এমন কিছু মানুষের চলাফেরায় বোঝা যাচ্ছে না।

বুড়িচং উপজেলার নিমসার বাজারের ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, পাইকারি বাজারে অন্যান্য দিনের মতোই ক্রেতারা এসেছেন। পণ্য বিক্রিও স্বাভাবিক রয়েছে।

এদিকে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন কাভার্ড ভ্যানের চালক ফরহাদ হোসেন। তিনি বলেন, রাত ১টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে সকাল ৭টায় চান্দিনায় পৌঁছেছেন। পথে কোথাও কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সারা রাত তাঁরা কুমিল্লা মহানগর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেছেন। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি।

তিনি আরও বলেন, তাঁদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে তাঁরা প্রস্তুত। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকায় কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০