সর্বশেষ

অর্থনীতি

কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে মোট দামের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব তহবিল থেকে দিতে হবে। একই সঙ্গে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণসহ কৃষির বিভিন্ন পর্যায়ে ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমেও অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন করা হবে।

২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় আগের নীতিমালার কয়েকটি ধারা সংশোধন, প্রতিস্থাপন এবং নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে।

কৃষি ঋণ পাবেন যাঁরা

নতুন নীতিমালা অনুযায়ী, কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তি, দল, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান কৃষি ও পল্লী ঋণ পাওয়ার যোগ্য হবেন। পাশাপাশি পল্লী অঞ্চলে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও সংশ্লিষ্ট খাতে ঋণ নিতে পারবেন।

ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিদের সহজ পদ্ধতিতে একক বা দলগতভাবে ঋণ দেওয়ার সুযোগ থাকবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধার আওতায় আসবেন না।

কৃষি ঋণের ৫৫ শতাংশ শস্য-ফসল খাতে

ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে বরাদ্দ রাখতে হবে। এ ছাড়া সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে ২ শতাংশ, মৎস্য খাতে ১৩ শতাংশ এবং প্রাণিসম্পদ খাতে ২০ শতাংশ ঋণ বিতরণ করতে হবে।

অবশিষ্ট ১০ শতাংশ ঋণ কৃষি উৎপাদন, পল্লি অঞ্চলের উৎপাদন ও সেবা খাত, কৃষি প্রযুক্তি, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে দেওয়া যাবে। ডিজিটাল কৃষিসেবা, নির্ভুলতাভিত্তিক চাষাবাদ ও জলবায়ু সহনশীল স্মার্ট কৃষিও এ খাতের অন্তর্ভুক্ত।

প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশ

প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিরা যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে ঋণ পান, সে জন্য ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঋণ বিতরণ করতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প করে ঋণের তথ্য প্রচার ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

ঋণ বিতরণ ও আদায় সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা এবং যথাযথ তদারকি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এসব অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি থাকতে হবে।

উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত ঋণ

নতুন নীতিমালায় কৃষিপণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে ঋণের আওতায় আনা হয়েছে। ফলে কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবেন।

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী, সংরক্ষণকারী, পরিবহনকারী ও বিপণনকারী উদ্যোক্তাদের পাশাপাশি পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ সুবিধা নিতে পারবেন।

আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে অগ্রাধিকার

কৃষি উৎপাদন বাড়ানো ও খরচ কমাতে নির্ভুলতাভিত্তিক কৃষি বা প্রিসিশন ফার্মিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে জমির নির্দিষ্ট স্থান ও তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী বীজ, সার, পানি ও বালাইনাশক ব্যবহার করা হয়।

এ কাজে উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, ভৌগোলিক তথ্যব্যবস্থা, বৈশ্বিক অবস্থান নির্ণয় ব্যবস্থা, ড্রোন, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৃহৎ তথ্য বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারে সংশ্লিষ্ট উদ্যোগগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে হবে।

জলবায়ু সহনশীল কৃষিতেও ঋণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষকের আয় ও উৎপাদনশীলতা বাড়ানো এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমে অর্থায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জন্য বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ, পানি সাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, উঁচু বেডে সবজি চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং সৌরশক্তিচালিত সেচ পাম্প স্থাপনে ঋণ দেওয়া যাবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, জৈব সার ব্যবহার, আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষিকাজ ও কৃষি বনায়নেও অর্থায়ন করা যাবে।

কৃষি যন্ত্রপাতির দামের ৮০ শতাংশ পর্যন্ত ঋণ

সেচ ও কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ খাতে মোট কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ।

নীতিমালায় গভীর, অগভীর ও হস্তচালিত নলকূপ, ট্রেডল পাম্পসহ বিভিন্ন সেচযন্ত্র কেনার জন্য ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার, রিপার, রিপার বাইন্ডার, পাওয়ার থ্রেসার, বীজ বপনযন্ত্র, বেডপ্লান্টার, আগাছা পরিষ্কারের যন্ত্র এবং স্বয়ংক্রিয় চারা উৎপাদন যন্ত্র কেনার জন্যও ঋণ পাওয়া যাবে।

সার অপচয় কমাতে দানাদার বা গুটি ইউরিয়া তৈরির যন্ত্র প্রস্তুতকারীদের ঋণ দেওয়ার বিষয়টিও ব্যাংকগুলো বিবেচনা করতে পারবে।

নীতিমালার সংযোজনী অনুযায়ী, কৃষি যন্ত্রপাতির মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব তহবিল থেকে ডাউন পেমেন্ট বা বিনিয়োগ হিসেবে দিতে হবে।

নির্বাচিত কয়েকটি যন্ত্রপাতির আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কম্বাইন্ড হারভেস্টারের দাম ২০ থেকে ২৫ লাখ টাকা, রিপার ও রিপার বাইন্ডারের দাম ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা, রাইস ট্রান্সপ্লান্টারের দাম ৭ থেকে ২০ লাখ টাকা এবং ট্রাক্টরের দাম ২৫ থেকে ৩০ লাখ টাকা ধরা হয়েছে।

এ ছাড়া পাওয়ার টিলারের আনুমানিক মূল্য ২ থেকে ৩ লাখ টাকা এবং পাওয়ার থ্রেসার, সিডার ও বেডপ্লান্টারের দাম ২ থেকে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঋণ বিতরণের সময় যন্ত্রপাতির প্রকৃত মূল্য যাচাই করতে হবে।

ঋণ পাওয়ার যোগ্যতা ও জামানত

কৃষি যন্ত্রপাতি কেনার ঋণ পেতে আবেদনকারীকে নীতিমালায় উল্লেখিত যোগ্য ঋণগ্রহীতা, কৃষক কার্ডধারী প্রকৃত কৃষক অথবা কৃষি যন্ত্রপাতির বাণিজ্যিক সেবা প্রদানকারী হতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি হলে এ ঋণ পাওয়া যাবে না।

পাওয়ার টিলার ও পাম্পের মতো ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে কেনা যন্ত্রটিকেই প্রাথমিক জামানত হিসেবে বিবেচনা করতে পারবে ব্যাংক। অন্যদিকে, কম্বাইন্ড হারভেস্টার ও বড় ট্রাক্টরের মতো যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যন্ত্রের পাশাপাশি ব্যক্তিগত গ্যারান্টি, জমি বা স্থাবর সম্পত্তি অতিরিক্ত জামানত হিসেবে নেওয়া যেতে পারে।

যন্ত্রপাতির কার্যকাল ও স্থায়িত্ব বিবেচনায় ব্যাংক ঋণের মেয়াদ এবং কিস্তি পরিশোধের সময়সূচি নির্ধারণ করবে। সাধারণত এসব যন্ত্রের জীবনকাল তিন থেকে পাঁচ বছর। যন্ত্রপাতি থেকে মৌসুমভিত্তিক আয় হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ত্রৈমাসিক, ষাণ্মাসিক, বার্ষিক অথবা মেয়াদ শেষে কিস্তি পরিশোধের সুযোগ রাখা যাবে। ঋণ আদায়ের ক্ষেত্রে যৌক্তিক বিবেচনায় সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত রেয়াতকাল দেওয়া যেতে পারে।

ঋণের আবেদনের সঙ্গে যন্ত্রপাতির প্রাক্কলিত মূল্য বা দরপত্র জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর ব্যাংক কর্মকর্তাকে আবেদনকারীর জমি ও আয়ের উৎস সরেজমিনে পরিদর্শন করতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে ঋণ অনুমোদন করা যাবে। এ ছাড়া কৃষি বীমার বিষয়টিও বিবেচনায় নিতে পারবে ব্যাংক।

সৌরশক্তি ও জৈব সার উৎপাদনেও ঋণ

কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বায়োগ্যাস উৎপাদন এবং সৌর প্যানেল স্থাপনের ঋণ কৃষি ঋণ হিসেবে গণ্য হবে। অনগ্রসর ও বিদ্যুৎ সংযোগবিহীন এলাকায় সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে সোলার হোম সিস্টেম গড়তেও ঋণ দেওয়া যাবে।

এ ছাড়া গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনে দেওয়া ঋণও কৃষি ও পল্লী ঋণের আওতায় থাকবে। এ ধরনের ঋণের নিয়ম ও পরিশোধসূচি নির্ধারণে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ নেওয়া যাবে। কেঁচো কম্পোস্ট উৎপাদন জনপ্রিয় করতে ব্যাংকগুলোকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে অর্থায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বড় অঙ্কের ঋণের তথ্য জমা দিতে হবে

কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার জন্য ব্যাংকগুলোকে প্রতি মাসে নির্ভুল তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এ ছাড়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা কৃষি ও পল্লী ঋণের মধ্যে এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক তথ্য পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০