সর্বশেষ

সারাদেশ

চব্বিশের মতো প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে আবারও অগ্নিসন্ত্রাস ও সহিংসতার রাজনীতি শুরু হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের মতো প্রস্তুতি নিতে গণতন্ত্রকামী মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আর খুন, গুম, ভোট দখল ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত জবাব দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনসভায় আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে পলাতক থেকেও দলটির নেতাকর্মীরা আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। মানুষকে পুড়িয়ে ও পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তারেক রহমান বলেন, এসব সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে সবাইকে আবারও ২০২৪ সালের আন্দোলনের মতো প্রস্তুতি নিতে হবে। এ প্রস্তুতির জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। এখন সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া তাদের প্রভুদের সন্তুষ্ট করতে বাংলাদেশের মানুষ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

অপরাজনীতি ও সহিংসতা প্রতিরোধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশপ্রেমিক মানুষকে একসঙ্গে দাঁড়িয়ে সন্ত্রাসীদের সঠিক ও শক্ত জবাব দিতে হবে। ভবিষ্যতে যেন কেউ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এবং বিদেশি প্রভুদের নির্দেশ বাস্তবায়নের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।

‘সেই রাজনীতি আর মানুষ দেখতে চায় না’

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর খুনের রাজনীতি কিংবা ভোট দখলের রাজনীতি দেখতে চায় না। ক্ষমতা ধরে রাখতে অতীতে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ৬০ জন ছিল শিশু। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই।

তিনি বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা, শক্তি ও উন্নতি চায়। জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সবার জবাব হবে, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়’। মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম ও খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।

তিনি আরও বলেন, সরকার খাল খনন, শিল্পকারখানা প্রতিষ্ঠা, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার রাজনীতি করতে চায়। অতীতের সহিংসতা ও অপরাজনীতিতে আর ফিরতে চায় না সরকার।

‘জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতি’


জনগণের জীবনমান উন্নয়নকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়ন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা।

এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যক্তিদের সম্মানী ভাতা, নতুন কুঁড়ি-স্পোর্টস, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

‘পঞ্চগড় পর্যন্ত নেওয়া হবে গ্যাসলাইন’

উত্তরাঞ্চলের শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে গ্যাসলাইন সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী ছয় থেকে আট মাসের মধ্যে খুলনা থেকে লালমনিরহাট, রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে এ অঞ্চলে বিনিয়োগকারীরা শিল্পকারখানা স্থাপনে আগ্রহী হবেন। এতে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মিল ও কারখানা গড়ে উঠবে এবং যুবসমাজের কর্মসংস্থানের সংকট অনেকাংশে কমে আসবে।

বিদেশে কর্মসংস্থানের বিষয়ে তারেক রহমান বলেন, গত কয়েক মাসে দক্ষ ও অদক্ষ শ্রমিকসহ পাঁচ লাখ তরুণকে বিদেশে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

বৃহস্পতিবার দুপুরে মহেন্দ্রনগরের জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে খালে মাছের পোনা অবমুক্ত করেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০