কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২১১
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ২১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করেছে পুলিশ।
কুমিল্লার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে ২১১ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মী রয়েছেন। অন্যদের মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করেছে। আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
১০৬ বার পড়া হয়েছে