বিশ্বের সঙ্গে সহযোগিতায় উন্মুক্ত রাশিয়া: পুতিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে রাশিয়া উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, শিল্পভিত্তি শক্তিশালী করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাশিয়ায় সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে পুতিন এসব কথা বলেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, দেশের শিল্পভিত্তি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মৌলিক সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতির কাঠামোতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
এ ছাড়া এপেক সম্মেলনের চূড়ান্ত ঘোষণার খসড়ার প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে বলে জানান তিনি।
পুতিনের মতে, এপেকের মূল লক্ষ্য হওয়া উচিত সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে একটি গঠনমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।
চীনের শেনজেনে প্রস্তুত করা এপেক সম্মেলনের চূড়ান্ত ঘোষণার খসড়ায় এসব লক্ষ্য ও নীতির প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট।
১৬৭ বার পড়া হয়েছে