সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ পুনর্গঠন করে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠন করা হতে পারে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসব তথ্য জানান। তিনি বলেন, পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখোয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ গঠনের পরিকল্পনার কথা তিনি শুনেছেন।

মন্ত্রী জানান, নতুন প্রদেশ গঠনের বিষয়ে চলমান বিতর্ক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

ইসলামাবাদের জন্য আলাদা প্রশাসনিক কাঠামোর প্রস্তাব

রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো নিয়েও কথা বলেছেন আহসান ইকবাল। তিনি জানান, ইসলামাবাদের জন্য বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব প্রধানমন্ত্রী তাঁকে দিয়েছেন।

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের সমন্বয়ে একটি মিশ্র শাসনব্যবস্থার প্রস্তাব তৈরি করা হয়েছে। তাঁর মতে, ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ ও স্বশাসনব্যবস্থা থাকা প্রয়োজন।

প্রস্তাবিত মডেলে ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী পরিষদ গঠনের কথা বলা হয়েছে। বর্তমানে রাজধানী-সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়গুলো জাতীয় পরিষদ ও সিনেট নিয়ে গঠিত পাকিস্তানের পার্লামেন্টে উত্থাপন করতে হয়।

নতুন প্রস্তাব অনুযায়ী, ইসলামাবাদে একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি পরিষদ থাকতে পারে। এই পরিষদে ২১টি সাধারণ আসন, নারীদের জন্য তিনটি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন রাখার প্রস্তাব রয়েছে। পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্বাচিত তৃতীয় স্তরের স্থানীয় সরকারব্যবস্থাও চালু করা হতে পারে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের কিছু এলাকা ইসলামাবাদের সীমানায় যুক্ত করে রাজধানীর আয়তন বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। এতে ইসলামাবাদ স্বতন্ত্র প্রদেশের মর্যাদা পেতে পারে।

সিনেট নির্বাচনের আগেই সিদ্ধান্ত চান মন্ত্রী

আহসান ইকবালের মতে, নতুন প্রদেশ গঠনের বিষয়ে আগামী ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য সিনেট নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। পাকিস্তানের ৯৬ সদস্যের উচ্চকক্ষে বর্তমানে চারটি প্রদেশের প্রত্যেকটির সমান প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি বলেন, সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে সেগুলোর প্রতিনিধিরা জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব না পাওয়ার অভিযোগ তুলতে পারেন। আর সেই পরিস্থিতি ছয় বছর পর্যন্ত চলতে পারে।

এদিকে পাকিস্তানে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে চলা আলোচনা নাকচ করেছেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানিয়েছেন, এ ধরনের ব্যবস্থা চালুর বিষয়ে কোনো গুরুতর প্রস্তাবের কথা তাঁর জানা নেই।

নতুন প্রদেশ গঠনের বিতর্ক এগিয়ে নিতে রাজনীতিবিদদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আহসান ইকবাল। তাঁর মতে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসার পরিবর্তে রাজনীতিবিদদের উদ্যোগ নিয়ে আলোচনাটি এগিয়ে নেওয়া উচিত। এ বিষয়ে সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার প্রবণতা কোনো সমাধান আনছে না।

পাকিস্তানের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর পর প্রদেশগুলো তাদের দায়িত্ব নিম্নপর্যায়ে হস্তান্তর করেনি। এর ফলে প্রদেশগুলোর মধ্যে প্রশাসনিক ক্ষমতা অতিরিক্ত কেন্দ্রীভূত হয়ে পড়েছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০