সর্বশেষ

ক্রিকেট

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শেষ দিন আজ বৃহস্পতিবার প্রথম সেশনেই মাত্র ১২ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে পেরিয়ে যায় স্বাগতিকরা।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামের গ্র্যাস ব্যাংকে প্ল্যাকার্ড হাতে খেলা দেখছিল এক খুদে ক্রিকেটপ্রেমী। তার ব্যানারে লেখা ছিল, ‘প্রোটিয়ারা গর্জন করে, বাঘেরা মিউ মিউ করে।’ মাঠের লড়াইয়েও অনেকটা সেই কথার প্রতিফলন দেখা গেছে। দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের অনায়াস পরাজয় বরণ করেছে বাংলাদেশ।

আগের দুই দিনে আলোকস্বল্পতা, বৃষ্টি ও বজ্রপাতের কারণে অন্তত ৮২ ওভার খেলা হয়নি। তা না হলে ম্যাচটি পঞ্চম দিন পর্যন্ত গড়ানোর কথা ছিল না।

গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরই বাংলাদেশের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কেবল দেখার অপেক্ষা ছিল, সফরকারীরা ইনিংস ব্যবধানে হার এড়াতে পারে কি না।

পাঁচ উইকেটে ১০০ রান নিয়ে আজ শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে আর মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিট টিকতে পেরেছে দলটি। ৬৮ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলের সংগ্রহ দাঁড়ায় ১৬৮ রান। ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে। এতে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা।

জোহানেসবার্গ শহরের তিন ভেন্যু মিলিয়ে ১৩০ বছরের টেস্ট ইতিহাসে এ নিয়ে ৭৩টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ২২ বার কোনো দল প্রথম ইনিংসে অন্তত ৪০০ রান করেছে। তবে প্রথম ইনিংসে ৪০০ রান করেও পরাজিত হওয়া একমাত্র দল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। আজ লিটনের স্টাম্প উপড়ে ফেলে উইকেট শিকার শুরু করেন কাগিসো রাবাদা। এরপর বাকি চার উইকেট তুলে নেন স্পিনার সাইমান হার্মার। মাত্র ৮ রানের ব্যবধানে মুশফিক, মেহেদী হাসান মিরাজ, হাসান ও ইবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন তিনি।

১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত শূন্য রানে আউট হন মার্কেস অ্যাকারম্যান। মিরাজের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন তিনি। এরপর এইডেন মার্করাম ও জুবাইর হামজা বাকি রান তুলে নেন।

বাংলাদেশের সামনে আরেকটি উইকেট পাওয়ার সুযোগ এসেছিল। ইবাদত হোসেনের বলে বোল্ড হয়েছিলেন মার্করাম। তবে সেটি নো বল হওয়ায় বেঁচে যান তিনি।

এই পরাজয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষীণ আশাও শেষ হয়ে গেল বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী সোমবার (২৩ নভেম্বর), সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০