ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়—এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার বিষয়েও দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই গুরুত্ব দিচ্ছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না—এ বিষয়ে তিনি ও শি চিনপিং অত্যন্ত দৃঢ়ভাবে একমত।
বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত নিরসনে তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং—উভয়েই সহযোগিতা করতে আগ্রহী।
বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান বৈশ্বিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
১৩২ বার পড়া হয়েছে