২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের আলোচিত ২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে দিল্লির আদালতে জবানবন্দি দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তাঁকে তলব করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি)। আদালতে নিজের বক্তব্যে ভারতে অবস্থানের কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।
২০০ কোটি রুপির চাঁদাবাজির মামলায় সাক্ষ্য দিতে শুক্রবার (৬ নভেম্বর) দিল্লির আদালতে হাজির হন নোরা ফাতেহি। এ সময় ভারতে তাঁর অবস্থান, কাজের ধরন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আদালতে বক্তব্য দেন তিনি।
নোরা জানান, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে কাজ করার জন্য ভিসা নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। এ ছাড়া চেন্নাই সফর এবং সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে তথ্য দেন এই অভিনেত্রী।
এর আগে নোরাকে দুই দফায় আদালতে তলব করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তাঁর আইনজীবী আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এতে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আদালতের কার্যক্রমকে অবহেলা না করার বিষয়ে সতর্ক করেন বিচারক।
যেভাবে আলোচনায় ২০০ কোটি রুপির মামলা
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে অর্থ হাতিয়ে নেন সুকেশ ও তাঁর সহযোগীরা। শিবিন্দর মোহন সিংয়ের জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁরা এই অর্থ নিয়েছিলেন বলে অভিযোগ।
সুকেশ ও তাঁর স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে মামলার সম্পূরক অভিযোগপত্রে তাঁকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়।
পুলিশের দাবি, সুকেশ নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন। ২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে এর আগে জানিয়েছিলেন অভিনেত্রী।
মরক্কোর পারিবারিক শিকড়, কানাডার নাগরিক
নোরা ফাতেহির পারিবারিক শিকড় মরক্কোয়। তবে তাঁর জন্ম কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়লে। সেখানেই বেড়ে ওঠা ও পড়াশোনা করেছেন তিনি। নোরা কানাডার নাগরিক। কাজের প্রয়োজনে ওয়ার্কিং ভিসা নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন এই অভিনেত্রী।
বলিউডে নাচ ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরার নাম এবার আলোচনায় এসেছে ভারতের বহুল আলোচিত চাঁদাবাজির মামলায় সাক্ষ্য দেওয়ার কারণে।
১৩৭ বার পড়া হয়েছে