সর্বশেষ

জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় রয়েছে সরকার: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কোনো আবেগ নয়, বরং আইনের যথাযথ প্রয়োগই সরকারের লক্ষ্য।

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। কর্মশালাটির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা জানতে চান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াইয়ে যাবে কি না সরকার।

জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি ভারত সরকারের এখতিয়ারভুক্ত। বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে তাঁকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচারের আওতায় আনা হবে।

আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা যথাযথ প্রক্রিয়ায় করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে বিষয়টি মোকাবিলা করা হবে। আমরা যখন কোনো পদক্ষেপ নেব, সেখানে আবেগের কোনো বিষয় নেই। বিষয়টি হলো, আমি আমার আইন প্রয়োগ করব।’

সরকার বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত তাঁকে বন্দি হিসেবে বিবেচনা করছে না; বরং রাষ্ট্রীয় অতিথি হিসেবে উল্লেখ করছে। এ পরিস্থিতিতে সরকারের অবস্থান কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের কাছে শেখ হাসিনা একজন অপরাধী। দেশের ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ব্যক্তি হিসেবেই তাঁকে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী—এটাই হলো আমাদের কাছে তাঁর পরিচয়। তারা (ভারত) কী বলছে, সেটা বললেই তো হবে না! আমার রাষ্ট্রে প্রকাশ্য আদালতে বিচার হয়েছে।’

আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করছে। ভারত তাঁকে হস্তান্তর করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০