সর্বশেষ

বিনোদন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে নামছেন পরিচালক আদনান আল রাজীব। তাঁর প্রথম সিনেমার নাম ‘অপলক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ও অভিনয়শিল্পীদের ঘোষণা দেন নির্মাতা।

বিজ্ঞাপন, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় এবং স্পেশাল মেনশন অর্জন করে। এরপর থেকেই তাঁর পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

এর আগে আদনানের প্রথম সিনেমায় নায়ক হিসেবে সিয়াম আহমেদের অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা জানালেন, ‘অপলক’ সিনেমায় অভিনয় করবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

স্বামী-স্ত্রীর একসঙ্গে নতুন কাজ

পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বাস্তব জীবনে স্বামী-স্ত্রী। এবার নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় স্ত্রীকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে কাজ করছেন আদনান। যদিও অভিনয়শিল্পী হিসেবে মেহজাবীনের সিনেমায় অভিষেক হয়েছে আগেই।

অন্যদিকে আফরান নিশো ও মেহজাবীন ছোট পর্দার জনপ্রিয় জুটি। একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন তাঁরা। পাশাপাশি ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমাতেও একসঙ্গে দেখা গেছে এই দুই তারকাকে। এবার ‘অপলক’-এর মাধ্যমে আবারও পর্দায় জুটি হচ্ছেন তাঁরা।

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হবে ‘অপলক’

সম্প্রতি সিনেমাটিতে নিশো ও মেহজাবীনের চুক্তিস্বাক্ষরের ছবি প্রকাশ করে আদনান আল রাজীব জানান, তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’ নিয়ে পুরো দলের অনেক স্বপ্ন ও ভালোবাসা জড়িয়ে আছে। সেই স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নির্মাতা বলেন, তাঁরা একটি সৎ, সরল ও হৃদয় ছুঁয়ে যাওয়া রোমান্টিক সিনেমা নির্মাণ করতে চান। এমন একটি গল্প, যেখানে ভালোবাসার পাশাপাশি দর্শকেরা নিজেদেরও খুঁজে পাবেন।

আদনান আরও বলেন, ‘আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’

সিনেমা নিয়ে উচ্ছ্বসিত মেহজাবীন

সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তিস্বাক্ষরের ছবি প্রকাশ করে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আমাদের সিনেমা “অপলক” অবশেষে হচ্ছে। সিনেমাটির জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন।’

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০