ধামরাইয়ে টানা তিন রাতে তিন বাসে আগুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসটিতে আগুন লাগে। পুরোনো ডি-লিংক পরিবহনের বাসটি নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক আলামত দেখে বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বাসটির মালিক লুৎফর রহমান। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগের দুটি ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ওই দুটি বাস থেকে প্রায় নয় লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল। সর্বশেষ ঘটনাসহ তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে এভাবে বাসে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খান বলেন, প্রাথমিক আলামতে আগের ঘটনাগুলোর পাশাপাশি সর্বশেষ ঘটনাটিও নাশকতামূলক বলে মনে হচ্ছে। গভীর রাতে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা বাসগুলোকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত তিন দিনে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগের ঘটনার পর বাসমালিকদের তাঁদের যানবাহন নিরাপদ স্থানে রাখার এবং পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছিল। বাসগুলো নজরদারিতে রাখার কথাও বলা হয়েছিল। এরপরও বাইরে রাখা আরেকটি বাসে আগুন লাগানো হয়েছে।
ওসি বলেন, এসব অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক কারণ, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো বিষয় রয়েছে, তা সামনে রেখে তদন্ত চলছে। তিনটি ঘটনার মধ্যে একটি ঘটনায় বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১৩৮ বার পড়া হয়েছে