আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে ৩ লাখ টন ধান কেনা হবে। পাশাপাশি ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে।
চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং মিলমালিকদের কাছ থেকে চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করা হবে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ৩৫ টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ লাখ মেট্রিক টন আমন ধান কেনা হবে। এ ছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
সংগ্রহ শুরু ১৪ নভেম্বর
খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান কেনা শুরু হবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত বছরের তুলনায় ধানের দাম বেড়েছে
গত বছর আমন মৌসুমে সরকার প্রতি কেজি ৫০ টাকা দরে সিদ্ধ চাল, ৪৯ টাকা দরে আতপ চাল এবং ৩৪ টাকা দরে ধান সংগ্রহ করেছিল। ওই মৌসুমে মোট ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল কেনা হয়েছিল।
এবার ধানের সংগ্রহমূল্য কেজিতে ১ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিদ্ধ ও আতপ চালের সংগ্রহমূল্য গত বছরের মতোই রাখা হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে