কলাপাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৭:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
"করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।
উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের অংশগ্রহণে আয়োজিত র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দরবার হলে গিয়ে শেষ হয়। পরবর্তীতে দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান টুলু বিশ্বাস এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস-উল-আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেটসহ স্থানীয় সমবায়ীরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
১২৫ বার পড়া হয়েছে